শুক্রবার পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে আফরান নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’। সিনেমাটির প্রচারে তিনি এখন কলকাতায় অবস্থান করছেন। সেখানকার গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় চিত্রনায়ক নিরবকে নিয়ে একটি মন্তব্য করেছেন নিশো, যা নিয়ে বেজায় চটেছেন নিরব।
একটি প্রশ্নের বিপরীতে নিজের অবস্থান স্পষ্ট করতে গিয়ে আফরান নিশো বলেছেন, ‘আমি ব্যক্তিজীবনকে লুকিয়ে রাখায় বিশ্বাসী নই। আমার বন্ধু নিরব, ইমন (চিত্রনায়ক নিরব ও ইমন) ব্যক্তিজীবনকে অন্তরালে রেখেছেন। সেটা তাদের ক্যারিয়ারে খুব যে সাহায্য করেছে, এমনটা নয়।’
আর তাতেই মেজাজ হারালেন নায়ক নিরব। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লিখেন, আমার নাম উল্লেখ করে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এর অনলাইন সংস্করণের ইন্টারভিউয়ে দেখলাম আফরান নিশো বলেছে, আমি ব্যক্তিজীবন অন্তরালে রেখেছিলাম! বন্ধু হিসেবে নিশোকে বলতে চাই, তুই আমাকে নিয়ে এমন মন্তব্য কেন করলি? আমি তোর এই ধরণের খোঁচা মারা মন্তব্য একদমই পছন্দ করলাম না।
আফরান নিশো এবং নিরব দুজনে পরস্পরের বন্ধু। ক্যারিয়ারের শুরুর দিকে তারা একসঙ্গে মডেলিং করতেন।
নিরব আরও লিখেন, দীর্ঘবছর যাবৎ আমি মডেলিং ও ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছি। সংবাদকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা যারা আমাকে পছন্দ করেন, তারা আমার বিয়ে,বউ ও সন্তানের বিষয়টি নিয়ে ভালোভাবে অবগত। আমার ব্যক্তিজীবনের প্রায় প্রতিটি বিশেষ ঘটনা সংবাদকর্মীরা যত্ন সহকারে দেশের মানুষের কাছে তুলে ধরেছেন।
সংবাদকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে, আমি ব্যক্তিগত জীবনের কোনো কিছু লুকাইনি। সংবাদকর্মী ভাই বন্ধুরা অনেক অজানাও জেনে থাকেন। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা কি জানেন নিশো কবে বিয়ে করেছে বা তার স্ত্রী ও সন্তানকে নিয়ে কবে প্রকাশ্যে এসেছে? বন্ধু হয়ে আমি তো কখনও দেখিনি! তাহলে ব্যক্তিগত জীবন অন্তরালে কে রেখেছে আমি নাকি নিশো?
সবশেষে নিশোকে ভুল শুধরে নিতে জানিয়ে নিরব লিখেন, আমি এবং নিশো একসময় একসঙ্গে মডেলিং করেছি। আমাদের অনেক স্মৃতি। নিশো তোর সঙ্গে আমার সম্পর্ক কেমন, প্রথম সিনেমা মুক্তির পরেই তুই হয়তো ভুলে গেছিস! বন্ধু হিসেবে বলছি, তুই অন্যকে ইঙ্গিত দিয়ে যেসব কতবার্তা বলছিস জেনে বুঝে বল। তুই তোর ফিলোসফি নিয়ে থাক, সেখানে অন্যকে আঘাত করতে যাস কেন? আশা রাখছি, ভবিষ্যতে তুই তোর ভুল শুধরে নিবি।