নির্বাহী আদেশে এবার বাড়ল গ্যাস বিতরণ চার্জ

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) পাশ কাটিয়ে নির্বাহী আদেশে এবার পেট্রোবাংলা ও অধীন গ্যাস উত্তোলন, সঞ্চালন এবং বিতরণ কোম্পানির বিতরণ মার্জিন বৃদ্ধি করেছে সরকার। গতকাল বৃহস্পতিবার বিকেলে জ¦ালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করে। যা চলতি মাস থেকেই কার্যকর হবে।

যদিও রাষ্ট্রায়ত্ত এসব কোম্পানি মুনাফায় থাকার পরও কোনোরকম বিচার-বিবেচনা না করেই নির্বাহী আদেশে এ চার্জ বৃদ্ধিকে অযৌক্তিক ও অন্যায় আখ্যা দিয়েছেন জ¦ালানি বিশেষজ্ঞরা। তারা বলছেন, এতে মুনাফায় থাকা কোম্পানিগুলোর কর্মীদের আরও বেশি বাড়তি ইনসেনটিভ (বোনাস) নেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হলো। দিন শেষে এর দায় পড়বে সাধারণ মানুষের ঘাড়ে। যদিও জ¦ালানি বিভাগের দাবিÑ নতুন এ চার্জ নির্ধারণের ফলে গ্রাহক পর্যায়ে গ্যাসের দামের ওপর কোনো প্রভাব পড়বে না।

এর আগে কোনো ধরনের গণশুনানি ছাড়াই নির্বাহী আদেশে সরকার চলতি বছর পাঁচ দফায় গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর কারণে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

জানতে চাইলে বিইআরসির সাবেক সদস্য (গ্যাস) মকবুল ই ইলাহী চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, নিজেদের ব্যর্থতার দায় জনগণের কাঁধে চাপাতেই এগুলো করা হচ্ছে। কমিশনকে বাদ দিয়ে কোনো ধরনের কারণ, যুক্তি ছাড়াই এভাবে মার্জিন বাড়ানো তুঘলকি কা-। এতে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা আরও বৃদ্ধির পথ সুগম হলো। তিনি বলেন, কোম্পানিগুলো প্রতি বছর মুনাফা করছে। তাদের কর্মীরা প্রভিট বোনাস নিচ্ছে। এরপরও কেন তাদের মার্জিন বাড়াতে হবে? এতে মুষ্টিমেয় কিছু মানুষ লাভবান হবে। আর সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন।