তথ্যমন্ত্রী

বিএনপি এখন পা ভাঙা বাঘ, খাঁচাবন্দি সিংহ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে নির্বাচনের সময় সংবিধানের একচুলও ব্যত্যয় হবে না। বিএনপি এখন পা ভাঙা বাঘ। খাঁচায় বন্দি সিংহ শুধু গর্জন করতে পারে, আর কিছু পারে না। তারা দেশে যদি শান্তি বিনষ্ট করার চেষ্টা করে সরকার তা কঠোর হস্তে দমন করবে। আওয়ামী লীগ জনগণকে নিয়ে প্রতিহত করবে।

তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী বর্তমান সরকার নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবেন। তত্ত্বাবধায়ক সরকার শুধু পাকিস্তানে আছে। আমার প্রশ্ন তারা শুধু পাকিস্তানকে কেন অনুসরণ করে, অনুকরণ করে।

নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল আসাটা অত্যন্ত ইতিবাচক বলে জানান মন্ত্রী।

তিনি কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিতে এসে আজ সকাল ১০টায় কুড়িগ্রাম সার্কিট হাউজে সংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর, কেন্দ্রী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামিম, সাবেক এমপি অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু উপস্থিত ছিলেন।