সেমিতেই থামল টাইগারদের ফাইনালের স্বপ্ন

দাপুটে শুরু। দুর্দান্ত উদ্বোধনী জুটি। তারপরই নামে ধস। একেবারেই খাঁদের কিনারায় চলে যায়। সেখান থেকে আর কেউ টেনে ‍তুলতে পারেননি। তাই একেবারেই নিচেই তলিয়ে গেল টাইগাররা। ভারত ‘এ’ দলের বিপক্ষে সহজ লক্ষ্যও তাড়া করতে পারল না বাংলাদেশ ‘এ’। ৫১ রানের পরাজয়ে ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালেই থামল বাংলাদেশ। ফাইনালের স্বপ্ন আর বাস্তবে ধরা দিল না।

বোলারদের দাপটে ভারত আজ গুটিয়ে যায় মাত্র ২১১ রানে। মাত্র ২১২ রানের লক্ষ্য পেয়েছিল বাংলাদেশ। সহজ এই লক্ষ্যটাও টপকাতে পারলেন না বোলাররা। মাত্র ১৬০ রানেই গুটিয়ে যান সাইফ হাসানরা।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ এ দলের অধিনায়ক সাইফ হাসান। সেটা যে ভুল ছিল না, সেটা প্রমাণ করতে থাকেন বোলাররা। সাকিব-রাকিবুলদের পেস তোপ আর স্পিন ঘূর্ণিতে তারা যেন মাথা তুলে দাঁড়াতেই পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান করেন ইয়াশ ঢুল।

২১২ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের তরুণরা শুরুটা করেছিলেন দুর্দান্ত। ৭০ রান পর্যন্ত কোনো উইকেট নিতে পারেননি ভারতীয় বোলাররা। ইনিংসের ১৩তম ওভারের চতুর্থ বলে ওপেনার নাঈম শেখকে বোল্ড করেন মানভ সুথার। ১৮তম ওভারে ফিফটির পর ফিরে যান তানজিদ হাসান তামিমও। তারপরই শুরু হয় ছন্দপতন।

এক প্রান্তে মাহমুদুল হাসান জয় উইকেট আগলে রাখলেও বাকিরা ছিলেন যাওয়া আসার মিছিলে। কেউ আর হাল ধরতে পারেননি। আকবর আলি নামার আরেকটি ২০২০ সালময় ইনিংস দেখার প্রত্যাশায় ছিলেন সবাই। কিন্তু সেই আশায় গুড়েবালি। ফিরে যান তিনিও। তারপর আর ম্যাচে ফিরতে পারেনি টাইগার তরুণরা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন তামিম। নাঈম ৩৮, অধিনায়ক সাঈফ ২২ ও মাহমুদুল হাসান ২০ রান করেন। ভারতের হয়ে নিশান্ত সিন্ধু ২০ রান খরচায় ৫ উইকেট শিকার করেন। মানভ নেন আরও তিন উইকেট। তবে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন অধিনায়ক ঢুল।