চট্টগ্রামে স্ত্রী খুনের ১৪ বছর পর স্বামী মামুনুর রশীদকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত বৃহস্পতিবার নগরের ব্রিজঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মামুনুর আনোয়ারা উপজেলার কৈখাইন গ্রামের আব্দুল শুক্কুরের ছেলে। ২০০৯ সালের ২৬ মে যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতন করে স্ত্রী কলি আক্তারকে হত্যার পর লাশ গুমের অভিযোগ ওঠে স্বামী মামুনুর রশীদের (৫০) বিরুদ্ধে।
র্যাব জানায়, বরগুনা জেলার তালতলি থানা এলাকায় বসবাসকারী নিহতের মাকে ফোন করে তার মেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়ার কথা বলেন আসামি। পরে পরিবারকে না জানিয়ে কলি আক্তারকে দাফন করা হয়। ঘটনার পরদিন নিহতের পরিবার আনোয়ারা থানায় মামুনুরসহ আটজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন।
র্যাব-৭-এর মুখপাত্র মো. নুরুল আবছার জানান, স্ত্রীকে খুন করে ১৪ বছর ধরে পলাতক ছিলেন মামুনুর রশীদ। খবর পেয়ে বৃহস্পতিবার নগরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাবের একটি টিম।