হাতিরঝিল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

রাজধানীর হাতিরঝিল লেক থেকে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি তারা। তবে বয়স আনুমানিক ২৫ বছর। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মুকুল রঞ্জন দেব জানান, স্থানীয়দের মাধ্যমে তারা খবর পান হাতিরঝিল মধুবাগ ব্রিজ সংলগ্ন লেকের পানিতে এক যুবকের মরদেহ ভাসছে। পরে টিম নিয়ে সেখানে যান তিনি।

তিনি জানান, মরদেহের সুরতাল প্রতিবেদনের পর শরীরে আঘাতের কোনো চিহ্ন রয়েছে কি না, তা জানা যাবে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হবে।