অলরাউন্ড পারফরম্যান্স সাকিবের, তবু ম্যাচসেরা অন্যজন!

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে নেমেছিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন দাস। তাদের এই লড়াইয়ে জয় হয়েছে সাকিবদের মন্ট্রিয়েল টাইগার্সের।

ব্যাটে-বলে ম্যাচের সবচেয়ে উজ্জ্বলতম পারফর্মার সাকিব। কিন্তু এরপরও বিস্ময়করভাবে তাকে ম্যাচসেরা দেওয়া হয়নি।

বাংলাদেশ সময় শুক্রবার রাতে লিটনদের সারে জাগুয়ার্সকে ৫ উইকেটে হারিয়েছে সাকিবদের দল মন্ট্রিয়েল টাইগার্স। টস হেরে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৩৬ রানেই আটকে যায় সারে। জবাবে ৯ বল হাতে থাকতেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে মন্ট্রিয়েল।

প্রথমে বল হাতে আলো ছড়িয়েছেন সাকিব। লিটনকে আউট করে উইকেট উৎসব শুরু করেছিলেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। পরে নেন আরও দুই উইকেট।

৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় ৩ উইকট নিয়ে দলের জয়ের আসল ভিতটা গড়ে দেন তিনি। এরপর ব্যাটিংয়ে তিন নম্বরে নেমে ১৩ বলে ২৬ রান করেন ৪ চার ও ১ ছক্কায়।

কিন্তু ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন মন্ট্রিয়েলের দিলপ্রিত সিং। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ৩১ বলে অপরাজিত ২৮ রান করেন কানাডার এই ক্রিকেটার।

সারের হয়ে ওপেন করতে নামা লিটন ১১ বলে ১ ছক্কায় করেন ৯ রান।