নদী মায়ের মতো: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, নদী মায়ের মতো। মাকে মেরে ফেলা যাবে না। নদী রক্ষায় শেখ হাসিনা সরকারের নীতি আছে।

শনিবার রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্সের উদ্যোগে দক্ষিণ এশিয়ায় টেকসই নদী বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দেশের বেশিরভাগ নদীর উৎপত্তি চীন ও হিমালয়কেন্দ্রীক। তাই নদীর ক্ষেত্রে বাংলাদেশকে বিভিন্ন নীতিনির্ধারণ করতে হয় এবং তা মেনে চলতে হয়। নদী রক্ষার জন্য এসব নীতি অনেক দরকার। এর জন্য নদী রক্ষা কমিশনও রয়েছে।

সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, কৃষ্ণসাগর শস্য রপ্তানি চুক্তি বাতিলে বাংলাদেশে কোনো প্রভাব পড়বে না। এ চুক্তি বাতিল হওয়ার বিষয়ে সরকার অবগত। দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। ইউক্রেনের গমের অন্যতম ক্রেতা বাংলাদেশ। সেখান থেকে আনা সম্ভব না হলে বিকল্প উৎস থেকে খাদ্য আমদানি করা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানের শুরুতে এ অঞ্চলের নদী নিয়ে ব্রুনাই দারুসসালাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ইফতেখার ইকবাল তাঁর গবেষণা তুলে ধরেন। সেখানে তিনি নদী নিয়ে আবেগ ও রাজনীতির সম্পর্ক বিশ্লেষণ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী।