ঢাকার কেরানীগঞ্জে ফুটবল একাডেমি গড়তে গিয়ে স্থানীয় চাঁদাবাজদের কাছ থেকে হত্যার হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ। গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। ঢাকার অদূরে কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের ঘাটারচরে ‘লাভ ফুটবল একাডেমি’ নামে ওই ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র গড়তে চান কায়সার হামিদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমি কায়সার হামিদ, আমাকে হয়তো অনেকেই চেনেন এবং জানেন। অতীব পরিতাপের বিষয় আমি এভাবে আপনাদের সম্মুখীন হব এটা আশা করিনি। আমি ঘাটারচরে আমার অনেক দিনের স্বপ্ন “লাভ ফুটবল একাডেমি” নামে একটি ফুটবল প্রশিক্ষণ একাডেমি নির্মাণের ইচ্ছা পোষণ করি। এরপর ভূমি মন্ত্রণালয়ের নির্দেশক্রমে সহকারী কমিশনার ভূমি ও সার্ভেয়ারের মৌখিক নির্দেশক্রমে নিজের নামের জমি এবং ঘাটারচর প্রাথমিক বিদ্যালয়ের সীমানা নির্ধারণ করতে গেলে স্থানীয় কিছু সন্ত্রাসী নিয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ফারুক এবং চিহ্নিত সন্ত্রাসী এজাজুল হক রিপনের নেতৃত্বে স্থানীয় বখাটে ও সন্ত্রাসী আলেক চান, কবির, বিল্লালসহ আরও ১৫-২০ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমার জমিতে অবৈধ অনুপ্রবেশ করে সীমানা নির্ধারণে বাধা দেয়। এ ছাড়া আমি ও আমার সঙ্গের লোকজনকে গালাগাল ও জীবননাশের হুমকি দিতে থাকে। একপর্যায়ে আমাদের লাঞ্ছিত করা হলে আমরা স্থানীয় থানা প্রশাসনের সহযোগিতায় ওই স্থান ত্যাগ করি।’
হুমকির এই ঘটনায় পরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন জানিয়ে কায়সার হামিদ আরও বলেন, ‘আমরা আইনের আশ্রয় নিলে এবং থানা থেকে সাধারণ ডায়েরির তদন্ত শুরু হলে ওই সন্ত্রাসীরা বিভিন্নভাবে যোগাযোগ করে আমার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং বলে যে, সবকিছুই স্থানীয় চেয়ারম্যান মোশাররফ হোসেন ফারুক সমাধান করে দেবে। এই বলে সময়ক্ষেপণ করতে থাকে। পরবর্তীতে ১২ জুলাই ওই ইউপি চেয়ারম্যান এবং এজাজুল হক রিপনের নেতৃত্বে একটি অসত্য বানোয়াট তথ্য উপস্থাপন করে জমির বিরুদ্ধে মানববন্ধন করে। এমন পরিস্থিতিতে আমি এবং আমরা স্থানীয় থানায় যোগাযোগ করলে পুলিশ আমাদের জমির মালিকানা এবং সঠিক ঘটনা সংবাদ সম্মেলনের মাধ্যমে সবাইকে জানানোর পরামর্শ দেয়। এ ছাড়া পরবর্তীতে আইনের সহায়তা দেবেন বলে আমাদের স্থানীয় থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্বস্ত করেন। তাই আজকের সংবাদ সম্মেলনে ও আপনাদের (সাংবাদিক) মাধ্যমে সঠিক তথ্য প্রচারের অনুরোধ করছি।’