নসরুল হামিদ বললেন

২০৪১ সালের মধ্যে ৪০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য

মিশ্র জ্বালানিতে নবায়নযোগ্য জ্বালানির পরিমাণ বৃদ্ধিকে বাংলাদেশ উৎসাহিত করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেছেন, ‘জ্বালানির বৈচিত্র্য আনতে পরিচ্ছন্ন জ্বালানি এবং জলবায়ু পরিবর্তন প্রশমন কৌশল গ্রহণ করে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে কাজ করা হচ্ছে। সরকার ২০৪১ সালের মধ্যে পরিচ্ছন্ন জ্বালানি থেকে ৪০ ভাগ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে এগোচ্ছে।’

গতকাল শনিবার ভারতের গোয়াতে জি-২০ উপলক্ষে ‘এনার্জি ট্রানজিশন মিনিস্টারিয়াল মিটিং’-এ বক্তব্যকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন।

নসরুল হামিদ বলেন, ‘বর্তমানে দেশে নবায়নযোগ্য উৎস থেকে ১১৯৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হলেও ৮২৫.২৩ মেগাওয়াট জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। নবায়নযোগ্য জ্বালানি থেকে ৩০টি প্রকল্পের মাধ্যমে আরও ১২৬২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প চলমান এবং ৮৬৬৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প প্রক্রিয়াধীন। অর্থাৎ নবায়নযোগ্য জ্বালানি থেকে ৯৯৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন পাইপলাইনে আছে।’