‘লেডি বার্ড’, ‘লিটল উইমেন’-এর পর তৃতীয় সিনেমা ‘বার্বি’ নিয়ে হাজির হয়েছেন গ্রেটা গারউইগ।ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’-এর সঙ্গে পাল্লা দিয়ে বক্স অফিসে রাজ করছে ‘বার্বি’। ছবির মুখ্য চরিত্রে হলিউডের জনপ্রিয় অভিনেত্রী মার্গো রবি ও অভিনেতা রায়ান গজলিং।
ভারতে ‘ওপেনহাইমার’ নিয়ে হইচই বেশি হলেও গোটা বিশ্বে নোলানের ছবিকে টেক্কা দিয়ে ব্যবসা করছে ‘বার্বি’। পরিচালক ও চিত্রনাট্যকার হিসাবে গ্রেটার সহজ ভাবে গল্প বলার দক্ষতা, ছবির হালকা মেজাজ ও অভিনেতাদের দুরন্ত পারফরম্যান্সের জোরে বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করছে মার্গো রবি ও রায়ান গজলিং-এর ছবি।
নারীবাদের পাশাপাশি ছবিতে জায়গা পেয়েছে এলজিবিটিকিউ গোষ্ঠীর সম-অধিকারের প্রসঙ্গ। সেই প্রসঙ্গেই ছবির উপর নিষেধাজ্ঞা জারি করল একাধিক ইসলামি দেশ-সহ রাশিয়াও। পাকিস্তান ও ইরানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ছবি প্রদর্শনের উপরে। শুধু এই দেশই নয়, রাশিয়া, ভিয়েতনাম ও ফিলিপাইন্সেও বন্ধ করা হয়েছে ছবির প্রদর্শন। ইরানে ছবি প্রদর্শনের উপরে পাকাপাকি নিষেধাজ্ঞা জারি করা হলেও পাকিস্তানে সাময়িক ভাবে বন্ধ করা হয়েছে ‘বার্বি’।
পাকিস্তানের পাঞ্জাব সেন্সর বোর্ডের তরফে জানানো হয়েছে, ছবি থেকে ‘আপত্তিকর’ বিষয় বাদ দিয়ে দিলেই ফের প্রেক্ষাগৃহে দেখানো হবে ওই ছবি। আপাতত ছবি খতিয়ে দেখতে ব্যস্ত পাঞ্জাব সেন্সর বোর্ড কর্তৃপক্ষ।
খবর, সেন্সর বোর্ড কর্তৃপক্ষ বিবেচনা করার পরে মুক্তি পাবে ‘বার্বি’ ছবির একটি সংস্করণ। তার পরেই পাকিস্তানের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে গ্রেটা পরিচালিত এই ছবি।
সূত্র: আনন্দবাজার পত্রিকা