ইউক্রেনের ক্লাস্টার বোমায় প্রাণ গেল রুশ সাংবাদিকের

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিজঝিয়া অঞ্চলে রোসতিসলাভ জোরাভলোভ নামের এক রুশ সাংবাদিক নিহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের ক্লাস্টার বোমা হামলায় মৃত্যু হয়েছে ওই সাংবাদিকের। আজ রবিবার (২৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডয়চে ভেলে।

রোসতিসলাভ রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আরআইএ-এর যুদ্ধ সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। তার আরও তিন সহকর্মী আহত হয়েছেন।

হতাহতের ঘটনার জন্য ইউক্রেন ও পশ্চিমাদের দায়ী করছে রাশিয়া। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, পশ্চিমা শক্তি ও কিয়েভ এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার দায়ীদের জবাব দেওয়ার হুমকিও দিয়েছে রাশিয়া।

এদিকে দনবাসে ইউক্রেনীয় সেনাবাহিনীর একটি প্রশিক্ষণকেন্দ্রে রুশ হামলায় ডয়চে ভেলের এক ক্যামেরাম্যান আহত হয়েছেন। সেনাবাহিনীর ওই প্রশিক্ষণকেন্দ্রটিতে সাংবাদিক ইভগেন শিলকোকে প্রতিবেদন তৈরির জন্য পাঠানো হয়েছিল।

ডয়চে ভেলের সাংবাদিক মাঠিয়াস ব্যোলিংগার বলেন, আমরা ইউক্রেনের সেনাবাহিনীর প্রশিক্ষণের ভিডিও করছিলাম। এমন সময় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পাই। তখন আমরা শুয়ে পড়লাম, এরপর আরও কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পেলাম। দেখলাম, বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রশিক্ষণকেন্দ্রে রাশিয়ার এই হামলায় একজন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। তাছাড়া আরও কয়েকজন সেনা আহত হয়েছেন বলে জানা গেছে।