স্বরাষ্ট্রমন্ত্রী বললেন

কর্মসূচির নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে ব্যবস্থা

রাজনৈতিক কর্মসূচির নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, শান্তিপূর্ণভাবে যেকোনো কর্মসূচি পালন করেন, আমরা বাধা দেব না। বিরোধী দলের কর্মসূচিতে পুলিশ কোথাও বাধা দিচ্ছে না। তাছাড়া বিএনপির সমাবেশ চলাকালে ইন্টারনেট সেবা বন্ধ করা হচ্ছে না।’

গতকাল রবিবার সকালে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত র‌্যালি-পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

মন্ত্রী বলেন, ‘যারা জনদুর্ভোগ তৈরি করবে, আইন লঙ্ঘন করবে, আইন মানবে না, তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা গ্রহণ করা হবে। এটাই স্বাভাবিক। এ পর্যন্ত বিএনপির যত নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে, সবার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। তারা কোনো না কোনো মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এ কারণে পুলিশ তাদের গ্রেপ্তার করছে।’

লক্ষ্মীপুরে বিএনপি কর্মী নিহতের ঘটনায় তিনি বলেন, ‘গোয়েন্দা বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছিÑ দুই গ্রুপ বা ব্যক্তির মধ্যে কর্তৃত্ব ও ইটভাটার অংশীদারত্ব নিয়ে অসন্তোষ ছিল অনেক দিন থেকে। এই দুই গ্রুপের সম্পর্কটা এমন জায়গায় গিয়েছিল যে, একজন নিহত হয়েছে। বিএনপি বলছে, এটা নাকি তাদের কর্মী। তাদের স্পষ্ট করে বলতে চাইÑ নিহত ব্যক্তি বিএনপির কর্মী ছিল না।’

এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, ‘দেশে বর্তমানে ফোর-জি চালু আছে। বিএনপির সমাবেশের সময় ইন্টারনেট সেবা কখনো বন্ধ বা সেøা করা হয়নি। বিএনপি এসব অপবাদ রটাচ্ছে।’

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন, হাইওয়ে পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজি মো. শাহাবুদ্দীন খান, র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এবং ক্র্যাবের সাধারণ সম্পাদক মামুনুর রশিদসহ অন্যরা।

অনুষ্ঠান শেষে ক্র্যাবের চার দশক পূর্তি উপলক্ষে একটি র‌্যালি বের হয়। এর আগে কেক কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করেন আসাদুজ্জামান খান।