সেই উচ্চমান সহকারীর বিষয়ে তদন্ত কমিটি গঠন

‘ঘুষ ছাড়া নড়েন না উচ্চমান সহকারী’ শিরোনামে গত ২২ জুলাই দেশ রূপান্তরে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে মৌলভীবাজার জেলা শিক্ষা অফিস। উচ্চমান সহকারী জাকির হোসেনের বিরুদ্ধে ওঠা এ অভিযোগের তদন্তে একটি কমিটি গঠন করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শামসুর রহমান।

মো. শামসুর রহমান বলেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কিশলয় চক্রবর্তীকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে জাকিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ১৫ বছর ধরে কর্মরত আছেন উচ্চমান সহকারী জাকির হোসেন। শিক্ষকদের কাছ থেকে ঘুষ নেওয়াসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ২০১৪ সালে তাকে অন্যত্র বদলি করা হয়। কিন্তু ছয় মাসের মাথায় আবার মৌলভীবাজারে ফেরেন। ফেরার পরই যেন আলাদিনের চেরাগের সন্ধান পান তিনি। মৌলভীবাজারে জায়গা কিনে বানিয়েছেন বাড়ি। কিনেছেন ৩৫ লাখ টাকা দামের গাড়ি। সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় দ্বিতীয় স্ত্রীর নামে জায়গা কিনে তৈরি করছেন ভবনও।