শ্রম আইনে মামলা

ড. ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠন বাতিল প্রশ্নে রুল

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে নোবেল বিজয়ী ও গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বাতিল প্রশ্নে রুল দিয়েছে উচ্চ আদালত। এই মামলায় অভিযোগ গঠনের আদেশ কেন বাতিল হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট।

গতকাল রবিবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ এ রুল দেয়। রাষ্ট্রপক্ষ ও কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তরকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। দেড় মাস আগে ঢাকার তৃতীয় শ্রম আদালতে অভিযোগ গঠনের পর মামলাটি এখন সাক্ষ্যগ্রহণের পর্যায়ে রয়েছে। মামলায় অভিযোগ গঠনের বৈধতা নিয়ে প্রশ্ন এবং বিচার কার্যক্রম স্থগিত চেয়ে আবেদনটি করা হয়।

আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান।

ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন দেশ রূপান্তরকে বলেন, ‘উচ্চ আদালত অভিযোগ গঠন নিয়ে রুল দিয়েছে। এটি এখন একটি কোয়েশ্চেনেবল বিষয়। তাই রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম চালানো যাবে না। যদি তা করা হয় তাহলে তা বেআইনি হবে।’