নারায়ণগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। গত শনিবার রাত ১২টার দিকে ফতুল্লা থানার বাঁশমুলি এলাকায় খলিল মুনশির বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে একটি টিনের ঘরের চাল উড়ে যায় এবং দেয়ালের কিছু অংশ ধসে পড়ে।
বাড়ির মালিক জানান, বিস্ফোরণের ঘটনায় আলম (৩৫), রমজান (২২) ও রিফাত (১৩) নামে তিনজন দগ্ধ হয়েছেন। তাদের তিনজনের বাড়িই কুমিল্লায়। পেশায় তারা রংমিস্ত্রি। টিনশেড ঘরটিতে তারা ভাড়া থাকতেন। তাদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
এদিকে বিস্ফোরণ হওয়া ঘরটির ভেতরে গ্যাস লাইনের একটি রাইজার এবং মেঝেতে সিগারেটের পোড়া অংশ ও একটি লাইটার পড়ে থাকতে দেখা যায়। এলাকাবাসীর ধারণা, গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরের ভেতরে হয়তো গ্যাস জমে ছিল। কেউ সিগারেট ধরালে সেই আগুন থেকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ হয়ে থাকতে পারে।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, দগ্ধদের মধ্যে আলমের শরীরের ৭২ শতাংশ, রমজানের ৫৮ এবং রিফাতের ২৮ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।