তাসকিনকে চায় লঙ্কান প্রিমিয়ার লিগের দল

সময়টা দারুণ কাটছে তাসকিন আহমেদের। দেশের জার্সিতে দুর্দান্ত খেলার পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি লিগেও আলো ছড়াচ্ছেন। এই মুহূর্তে জিম্বাবুয়ের ‘জিম-আফ্রো টি-১০’-এ খেলছেন তিনি। এর মধ্যেই প্রস্তাব পেলেন আরও এক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার।

শ্রীলঙ্কার ঘরোয়া প্রতিযোগিতা লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার প্রস্তাব পেয়েছেন তাসকিন। তাকে চায় ডাম্বুলা অরার। বিষয়টি অনানুষ্ঠানিকভাবে বিসিবিকে জানিয়েছেন তাসকিন।

আগামী ৩০ জুলাই শুরু হয়ে ২০ আগস্ট পর্যন্ত চলবে এবারের এলপিএল। এই সময়ে বাংলাদেশের কোনো খেলা না থাকলেও জাতীয় দলের বিশেষ ক্যাম্প চলবে। তাসকিনকে তাই শ্রীলঙ্কায় খেলার ছাড়পত্র দেওয়া হবে কি-না সেটি বড় বিষয়।

গেল কিছুদিন ধরেই বিভিন্ন দেশের ফ্র্যাঞ্জাইজি লিগে খেলার প্রস্তাব নিয়মিতই পাচ্ছেন তাসকিন। তবে জাতীয় দলের ব্যস্ততায় সেসব প্রস্তাব বেশিরভাগই ফিরিয়ে দিতে হয়েছে তাকে।