ইউক্রেনের বন্দরে রুশ হামলার পর বেড়েছে গমের দাম

গত এক সপ্তাহ ধরে ইউক্রেনের দানিয়ুব নদী-বন্দরে ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। সম্প্রতি এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বড় শস্যগুদাম।

আশঙ্কা করা হচ্ছে, এই হামলায় নষ্ট হয়েছে গুদামে থাকা ৬০ হাজার টন শস্যদানা। ইউক্রেনের কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংস হওয়া শস্য ৬০ দিন আগে কৃষ্ণসাগর করিডোর দিয়ে পাঠানো হয়েছিল।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইউক্রেনের গুদামে রাশিয়ার ড্রোন হামলার পর বিশ্ববাজারে প্রভাব পড়তে শুরু করেছে। গতকাল সোমবার গমের দাম ৮ দশমিক ৫ শতাংশ ও ভুট্টার দাম ৪ দশমিক ৭ শতাংশ বেড়েছে।

শিকাগো বোর্ড অব ট্রেডে এখন প্রতি বুশেল গমের দাম দাঁড়িয়েছে ৭ দশমিক ৫৭ ডলার এবং ভুট্টার দাম ৫ দশমিক ৫ ডলার।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই প্রতিবেশী দেশগুলোতে পণ্য রপ্তানির জন্য দানিয়ুব নদী ব্যবহার করা শুরু করেছে ইউক্রেন। রোমানিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, রাশিয়ার আগ্রাসন শুরুর পর এই প্রথম তাদের দেশের এত কাছাকাছি হামলা চলল। সে দেশের সেনা এবং নাবিকেরাও নদীর পার থেকে বিস্ফোরণের আলো দেখতে পেয়েছেন।

এদিকে রাশিয়াও ইউক্রেনের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। তাদের দাবি, মস্কো আর ক্রিমিয়াতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।

তারা আরও জানায়, গত মে মাস থেকে একটি জাহাজকে ইউক্রেনের কিলিয়া বন্দরে দেখা যায়। ইউক্রেনের বক্তব্য, জাহাজটিতে শস্যদানা রয়েছে। যদিও মস্কোর দাবি, সেই জাহাজে করে ইউক্রেনে বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল। এভাবে চলতে থাকলে কঠিন পদক্ষেপ নেবে বলে হুমকি দিয়েছে মস্কো।