অটোরিক্সা চার্জ দিতে গিয়ে প্রাণ গেল চালকের

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ব্যাটারি চালিত অটোরিক্সা চার্জ দিতে গিয়ে মো. শাহ আলম (৪৭) নামে এক অটো চালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে হাসনাবাদ ইউনিয়নের নিজ বাড়ি হাউসের হাট গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত অটো চালক নাগেশ্বরী উপজেলার ওই ইউনিয়নের হাউসের হাট গ্রামের মৃত ফকর উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান,অটো রিক্সা চালিয়ে চলে শাহ আলমের সংসার। প্রতিদিনের মত আজ দুপুরে নিজের অটো চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন জানান, বিদ্যুৎস্পৃষ্ট জনিত কারণে শাহ আলম নামের একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে তিনি হাসপাতালে আনার আগেই মৃত্যু বরণ করেন।

নাগেশ্বরী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তামবিরুল ইসলাম জানান, এ ঘটনার খবর আমাদের কেউ অবগত করেননি। খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করব।