বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নৌবাহিনী প্রধানের

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম নাজমুল হাসান গতকাল মঙ্গলবার ধানম-ি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন।

এর আগে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের উপস্থিতিতে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান নবনিযুক্ত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল এম নাজমুল হাসানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

র‌্যাংক ব্যাজ পরানো শেষে প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানান। এ সময় নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম নাজমুল হাসান বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ এবং নৌ-সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা উপস্থিত ছিলেন। আইএসপিআর