সউদ শাকিলের বিশ্ব রেকর্ড

সময়টা দারুণ কাটছে সউদ শাকিলের। শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে করেছিলেন ডাবল সেঞ্চুরি। কলম্বো টেস্টের প্রথম ইনিংসে পেলেন ফিফটির দেখা। যে ফিফটির মাধ্যমে বিশ্ব রেকর্ডে নাম উঠে গেল তার।

বুধবার সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ১১০ বলে ৬ চারে ৫৭ রান করেন শাকিল। এর মধ্য দিয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম সাত ম্যাচের সবকটিতে ফিফটির স্বাদ পেলেন এই বাঁহাতি। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে এই কীর্তি তার।

এর আগে ভারতের সুনীল গাভাস্কার, পাকিস্তানের সাইদ আহমেদ, ওয়েস্ট ইন্ডিজের ব্যাসিল বুচার ও নিউজিল্যান্ডের বার্ট সাটক্লিফ তাদের ক্যারিয়ারের প্রথম ৬ টেস্টে ফিফটি পেয়েছিলেন।

রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টের ৭৬ রান করেছিলেন শফিক। পরে মুলতান টেস্টের দুই ইনিংসে করেন ৬৩ ও ৯৪। করাচি টেস্টে করেন শফিক ৫৩। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে করেন ৫৫*। করাচিতে পরের টেস্টেই করেন প্রথম সেঞ্চুরি (১২৫*)। শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে হার নামা ২০৮ রানের ইনিংসের পর আজ করলেন ৫৭।