মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, ডেঙ্গু মোকাবিলায় তিন স্তরে কাজ করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বুধবার (২৬ জুলাই) দুপুরে স্কুলে স্কুলে শিক্ষার্থীদের মাঝে 'মশার কামড় ক্ষতিকর' শীর্ষক সচেতনতামূলক কার্টুন বই বিতরণকালে ডিএনসিসি মেয়র এ কথা বলেন।
তিনি বলেন, 'প্রথম স্তরে প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স কমিটি কাজ করবে। এই কমিটি নিজ নিজ এলাকায় ঘুরে এডিসের লার্ভার উৎসস্থল চিহ্নিত করবে, লার্ভা ধ্বংসে ব্যবস্থা নিবে, কোন কোন বাড়িতে ডেঙ্গু রোগী আছে সেই তালিকা করবে এবং কমান্ড সেন্টারের সার্ভারে মশক নিধন কার্যক্রমের ডাটা এন্ট্রি দিবে।
২য় স্তরে রয়েছে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাপিড অ্যাকশন টিম। টাস্কফোর্স কমিটির দেওয়া তথ্যের ভিত্তিতে এই টিম সেখানে গিয়ে আইনানুগ ব্যবস্থা নিবে। আর ৩য় স্তরে রয়েছে মেয়রের নেতৃত্ব কেন্দ্রীয়ভাবে মনিটরিং টিম।'
সকাল সাড়ে ১১টায় রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ (বালিকা শাখা) শাখা থেকে মেয়র আতিকুল ইসলাম স্কুলে স্কুলে ‘মশার কামড় ক্ষতিকর’ শীর্ষক সচেতনতামূলক কার্টুন বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ শুরু করেন। পরে তিনি আরও ৪টি স্কুলের শিক্ষার্থীদের মাঝে বইটি বিতরণ করেন।
স্কুলগুলো হল- লালমাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, লালমাটিয়া প্রাইমারি স্কুল, লালমাটিয়া সোসাইটি স্কুল এন্ড কলেজ, জামিলা আইনুল আনন্দ উচ্চ বিদ্যালয়, শ্যামলী।
পাঁচটি স্কুলের ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বইটি বিতরণ করা হয়। শিক্ষার্থীরা বইটি পাওয়ার পরে অঙ্কন করে। অঙ্কনে ভাল করায় প্রতি ক্লাসের পাঁচজন শিক্ষার্থীকে পুরস্কার তুলে দেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।
উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘আমাদের ছোটমনিদের জানাতে চাই, মশার কামড় মানুষের জন্য ক্ষতিকর। এ ব্যাপারে তাদেরকে জানাতে পারলে, সচেতন করতে পারলে আমরা মশার কামড় থেকে রক্ষা পাব। বইটিতে চিত্রাঙ্কন করার মাধ্যমে শিশুরা মশার কামড় থেকে বাঁচতে করণীয় সম্পর্কে শিখতে পারবে।’
শিক্ষার্থীদের আহ্বান করে মেয়র বলেন, ‘তোমরা বাবা, মা, ভাই-বোন, দাদা-দাদি, নানা-নানিসহ আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীদের জানাবে কোথাও যেন পানি জমে না থাকে। বাসা-বাড়ি, বারান্দা, ছাদ সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।’
মেয়র বলেন, ‘শিক্ষার্থীরা যেকোনো বার্তা ছড়িয়ে দিতে পারেন সমাজের মধ্যে। শিক্ষার্থীরাই সুন্দর সুস্থ সমাজ গঠনের কারিগর। আমি তাদের আহ্বান করছি, আজ থেকেই নিজেদের বাসা এবং এলাকার মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা বার্তা ছড়িয়ে দাও। সুস্থতার জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’