পিএসজিতে কিলিয়ান এমবাপ্পের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে বেশ কিছুদিন হলো। দলের প্রাক-মৌসুম সফরেও রাখা হয়নি তাকে। তবে এই অনিশ্চয়তার মধ্যে বসে নেই ফরাসি তারকা। ক্লাবটির ‘মূল দলের বাইরের’ খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করছেন তিনি।
ইএসপিএন জানিয়েছে, পিএসজির নতুন কোচ লুইস এনরিকের ভবিষ্যৎ পরিকল্পনা নেই যেসব খেলোয়াড়, তাদের সঙ্গে মঙ্গলবার প্যারিসে অনুশীলন করেন এমবাপ্পে। তার সঙ্গে আরও ছিলেন মিডফিল্ডার জর্জিনিয়ো উইনালডাম, লিয়ান্দ্রো পারেদেস।
কিন্তু শেষপর্যন্ত কি পিএসজিতেই থাকতে পারবেন এমবাপ্পে? দলবদলের খবর রাখা ইতালীয় সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানাচ্ছেন, এ সপ্তাহে পিএসজির সঙ্গে আলোচনা করতে আল হিলালের লোকজন যাচ্ছেন প্যারিসে। এক বছরে ৭০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব নিয়ে ফরাসি ফরোয়ার্ডকে বোঝানোর চেষ্টা করবেন তারা। রোমানো মনে করছেন, সুযোগটা নিতে পারেন এমবাপ্পে। কারণ সেখান থেকে এক বছর পর ফ্রি এজেন্ট হয়ে স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন তিনি।
এমবাপ্পেকে বেচে দিতে পারলে হ্যারি কেইনকে নিতে পারে পিএসজি। যদিও কেইনকে নিতে সবচেয়ে বেশি আগ্রহী বায়ার্ন মিউনিখের। না হলে আতালান্তার ডেনিশ ফরোয়ার্ড রাসমুস হোইলুন্ডকে নেওয়া যায়। তবে হোইলুন্ডে বেশিই আগ্রহ ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হ্যাগের। আতালান্তা ৭০ মিলিয়ন পাউন্ড চাইলেও ৬০ মিলিয়নের প্রস্তাব করতে যাচ্ছে ম্যানইউ।
৩১ জুলাই মধ্যরাতের মধ্যে কে কোথায় যাচ্ছে মীমাংসা হতে হবে।