লুডু খেলা নিয়ে বন্ধুর সঙ্গে মারামারি, প্রাণ গেল যুবকের

রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর ১২ নম্বর সেকশনে বিহারি ক্যাম্পে লুডু খেলা নিয়ে ঝগড়ায় বন্ধুর মারধরের শিকার হয়ে নুর আলম রাজু (৩২) নামে এক যুবক মারা গেছেন। তিনি পেশায় নরসুন্দর ছিলেন। গতকাল বুধবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার। এরআগে ২৩ জুলাই রাতে ‘নতুন আবাসন ক্যাম্পে’ এ ঘটনা ঘটে।

হাসপাতালে তার স্ত্রী সীমা পারভিন জানান, তার স্বামী রাজু মিরপুর ডিওএইচএস শপিং কমপ্লেক্সে একটি সেলুনে কাজ করেন। ২৪ জুলাই সকালে রাজুকে অসুস্থ বোধ করতে দেখেন তিনি। হঠাৎ বমি ও চোখে কম দেখার কথা জানান রাজু। তখন সীমা জানতে পারেন, এর আগের দিন অর্থাৎ ২৩ জুলাই রাতে ওই ক্যাম্পের ভেতর রাস্তার পাশে রাজু তার বন্ধুদের সঙ্গে লুডু খেলছিলেন। তখন লুডু খেলাকে কেন্দ্র করে তারই বন্ধু সামসাদ (গুল্লার) তাকে খারাপ ভাষায় বকা দেয়। এটি নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হলে একপর্যায়ে সামসাদ তার মাথায় কিল-ঘুসি মারে এবং একটি গাড়ির সঙ্গে তার মাথা ধাক্কা লাগায়। এ সময় সেনশাহ, সাদসহ আরও কয়েকজন সেখানে ছিল। তারাও রাজুকে মারধর করে।

তিনি জানান, ঘটনাটি জানার পর অসুস্থ অবস্থায় ২৪ জুলাই রাজুকে ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি বিভাগে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান।

পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, এরকম একটি ঘটনা শুনেছি। বিস্তারিত তদন্তের জন্য হাসপাতালে টিম পাঠানো হয়েছে।

রাজুর বাবার নাম মৃত আসলাম। স্ত্রী সীমা পারভিন ও দুই ছেলেকে নিয়ে বিহারি ক্যাম্পে থাকতেন।