রাজধানীর রামপুরায় একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে পূর্ব রামপুরার তিতাস রোডের ১৮৩/৩ নম্বর হোল্ডিংয়ের একটি টিনশেড ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ভোরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। তারা দুজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ ও স্বজনরা।
যে দুজনের লাশ উদ্ধার হয়েছে তারা হলেন দিনমজুর জুয়েল (২৮) ও তার স্ত্রী গৃহপরিচারিকা নাসরিন আক্তার (২২)।
স্বজনরা জানান, জুয়েলের বাড়ি কুড়িগ্রামে। বাবার নাম আজাদুর খন্দকার। আর নাসরিনের বাড়ি কিশোরগঞ্জের নিকলীতে। তার বাবার নাম সিদ্দিকুর রহমান। সাড়ে ৩ বছর আগে তাদের বিয়ে হয়। এই দম্পতির একটি সন্তান হলেও ৯-১০ মাস আগে মারা যায়।
মৃত নাসরিনের বড় ভাই টিটু মিয়া জানান, ৮-৯ মাস ধরে পূর্ব রামপুরার তিতাস রোডের নোয়াখালী বাড়িতে ভাড়া থাকতেন জুয়েল ও নাসরিন। পাশাপাশি ঘরে ভাড়া থাকেন তিনি। গত এক সপ্তাহ ধরে নাসরিন জ্বরাক্রান্ত ছিলেন। মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে তিনি (টিটু) কাজ থেকে বাসায় ফেরেন। তখন স্ত্রী ও মেয়ের কাছ থেকে জানতে পারেন, দুপুরের পর থেকে নাসরিন ও জুয়েলকে তাদের কক্ষের দরজা খুলতে দেখেননি তারা। রান্না করতেও দেখেননি। তখন টিটু মিয়া তাদের ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়িওয়ালার মাধ্যমে কৌশলে তাদের কক্ষের দরজা খুলেন। এরপর ভেতরে ঢুকে দেখেন একটি ফ্যানের সঙ্গে দুটি ওড়না বেঁধে জুয়েল ও নাসরিন গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। সঙ্গে সঙ্গে তারা থানায় খবর দেন। পরে রাত সাড়ে ৩টার দিকে রামপুরা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এরপর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল যায়। তারাই ঝুলন্ত অবস্থা থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
টিটু মিয়া বলেন, নাসরিন অন্যের বাসায় কাজ করতেন। তবে শারীরিক অসুস্থতার কারণে ১ সপ্তাহ ধরে কাজে যেতে পারছিলেন না। জুয়েলের হাতেও কোনো কাজকর্ম না থাকায় হতাশাগ্রস্ত হয়ে তারা দুজন আত্মহত্যা করেছেন বলে ধারণা তাদের। এ ঘটনায় কোনো মামলা করতে চান না বলেও জানান তিনি।
রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘আর্থিক অভাব অনটনের কারণে স্বামী-স্ত্রী একই ফ্যানের সঙ্গে আলাদা দুটি ওড়না বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ঘটনাটি আরও খতিয়ে দেখা হচ্ছে। সিআইডির অপরাধ শনাক্তকরণ দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’