দুপাশে পুলিশ, মাঝখানে ফাঁকা বিএনপি কার্যালয়

মহাসমাবেশকে ঘিরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সতর্ক অবস্থানে নিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল থেকেই তাদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

সরজমিন দেখা যায়, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দুপাশে প্রধান সড়কের ওপর প্রায় শতাধিক পুলিশ সদস্য অবস্থান করছে। পাশের একটি গলিতেও বেশকজন পুলিশ সদস্যকে অবস্থান করতে দেখা যায়। এ ছাড়াও দলটির অফিসের সামনেও একটি রায়ট কার, জলকামান ও প্রিজনভ্যানও দেখা গেছে।

এদিকে, নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির বেশ কিছু নেতাকর্মীকে দেখা গেছে। তারা দলীয় কার্যালয়ের আশপাশে অবস্থান করলেও কার্যালয়ের সামনে ফাঁকা দেখা গেছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৭ জুলাই) নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনের সড়ক অথবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে চিঠি দিয়েছিল বিএনপি। কিন্তু ডিএমপির পক্ষ থেকে এই দুটি জায়গায় একটিতেও অনুমতি দেওয়া হয়নি। এ অবস্থায় মহাসমাবেশের স্থান নিয়ে জটিলতা তৈরি হওয়ায় বিএনপির নেতারা বৈঠকে বসেন। পরে বৈঠক শেষে রাতেই সমাবেশ এক দিন পিছিয়ে শুক্রবার করার ঘোষণা দেওয়া হয়।