ফিলিপাইনে ব্যাপক তাণ্ডব ও ধ্বংসযজ্ঞ চালিয়ে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ডকসুরি। এতে করে তাইওয়ান বন্যা ও ভূমিধসের সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ফিলিপাইনে টাইফুনের আঘাতে নিহত হয়েছে ৬ জন।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানায় আল জাজিরা।
বুধবার উত্তর ফিলিপাইনের উপকূলে আঘাত হানে ডকসুরি। টাইফুনের আঘাতে নদীর তীর উপচে প্লাবিত হয় নিচু গ্রাম এবং বিভিন্ন স্থানে ভূমিধস হয়। এ ছাড়া বিভিন্ন স্থানে বাড়ি-ঘরের ছাদ উড়ে গেছে, বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে অনেক মানুষ। নিচু গ্রামগুলো বন্যার পানিতে তলিয়ে হাজার হাজার মানুষ বাস্তুহারা হয়ে পড়েছে।
ঘূর্ণিঝড়কে দ্বিতীয় ক্যাটাগরির ঝড় বলে উল্লেখ করেছে তাইওয়ানের আবহাওয়া অধিদপ্তর। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে (২৭ জুলাই) ঘণ্টায় সর্বোচ্চ ১৯১ কিলোমিটার (১১৮ মাইল) বেগে ঘূর্ণিঝড়টি দক্ষিণ তাইওয়ান প্রণালিতে আঘাত হানে।
এদিকে টাইফুনের কারণে তাইওয়ানের দক্ষিণ অংশে প্রবল ঝড়-বৃষ্টি ও ভূমি ধসের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তুর। প্রধান বন্দর শহর কাওশিউংসহ দক্ষিণাঞ্চলে ব্যবসা প্রতিষ্ঠান এবং স্কুল বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া দ্বীপে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করার পাশাপাশি বন্ধ রয়েছে রেল পরিষেবা।
শুক্রবার সকালে ঝড়টি চীনের দক্ষিণাঞ্চলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। চীনের আবহাওয়া অধিদপ্তর টাইফুনের প্রভাবে রেড এলার্ট জারি করেছে।
কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে লোকজনকে খাবার, প্রয়োজনীয় জিনিসপত্র এবং মোমবাতি সংরক্ষণের আহ্বান জানিয়েছে।