সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদের হয়ে অভিষেক ম্যাচেই নজরকাড়া পারফরম্যান্স উপহার দিয়েছেন করিম বেনজেমা। সাবেক রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার সতীর্থের গোল অবদান রাখেন প্রথমে। এরপর নিজে করেন চোখে লেগে থাকার মতো গোল। যা গড়ে দিয়েছে ম্যাচের ভাগ্যও।
আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের গ্রুপপর্বে ইএস তিউনিসের বিপক্ষে খেলতে নেমেছিল আল ইত্তিহাদ। শুরুতে পিছিয়ে পড়লেও ২-১ গোলে জয় তুলে নেয় দলটি। যে জয়ের নায়ক রিয়াল মাদ্রিদে সাফল্যমণ্ডিত অধ্যায় শেষে তিন বছরের জন্য আল ইত্তিহাদে যোগ দেওয়া বেনজেমা।
২৬তম মিনিটে ওসামা বৌগেরা পাওয়ারফুল ভলিতে তিউনিসকে এগিয়ে নেন। ৯ মিনিটের মধ্যে সমতায় ফেরে ইত্তিহাদ। বেনজেমার ক্রস থেকে হেডে গোল করেন আবদের্রাজাক হামদাল্লাহ।
বিরতির পর ম্যাচের ৫৫তম মিনিটে গোল করে ম্যাচের ফল নির্ধারন করে দেন বেনজেমা। বাঁ প্রান্তে বক্সের মুখ থেকে নেওয়া শটে বল জালে জড়ান ফরাসি তারকা। যা বুঝিয়ে দেয় কেন এই ৩৫ বছর বয়সীকে মৌসুম প্রতি প্রায় ৮ কোটি ৬০ লাখ পাউন্ড পারিশ্রমিকে দলে টেনেছে আল ইত্তিহাদ।
বেনজেমার মতো এ ম্যাচে আল ইত্তিহাদের হয়ে অভিষেক হয়েছে চেলসি ছেড়ে আসা এনগোলো কান্তের। বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি।
গত ডিসেম্বরে ক্রিশ্চিয়ানো রোনালদো আন নাসরে নাম লেখান। এ মৌসুমে তার দেখানো পথে হাঁটছেন ইউরোপের অনেক প্রতিষ্ঠিত তারকাই। বেনজেমা, কন্তেরা যাদের মধ্যে অন্যতম।