ডেনমার্কের কোপেনহেগেনে ইরাকি দূতাবাসের সামনে ইসলামবিদ্বেষী গোষ্ঠী ড্যানস্কে প্যাট্রিয়টার সদস্যদের পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় নিন্দা জানিয়েছে সৌদি আরব।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, এ ঘটনায় ডেনিশ কূটনীতিককে ডেকে পাঠিয়েছে রিয়াদ। আজ শুক্রবার (২৮ জুলাই) সকালে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, গত বৃহস্পতিবার ডেনিশ চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে বৈঠকের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই ‘লজ্জাজনক কাজ’ বন্ধ করার আহ্বান জানান।
তারা আরও আশঙ্কা করেন, এসব কাজ ধর্মীয় শিক্ষা এবং আন্তজার্তিক আইন ও নিয়মের লঙ্ঘন যা বিভিন্ন ধর্মের মধ্যে বিদ্বেষ ছড়াতে ইন্ধন জোগাতে পারে।
টিআরটি ওয়ার্ল্ড জানায়, গত ২১ জুলাই কোপেনহেগেনে ইরাকি দূতাবাসের সামনে সর্বশেষ কোরআন পোড়ানোর ঘটনা ঘটে। সেদিন গোষ্ঠীটি ইরাকের পতাকাও পোড়ায়।
তারা এই কাজটি করে মূলত ইরাকে সুইডিশ দূতাবাসে হামলার প্রতিবাদে। এ সময় কোরআন পোড়ানোর পাশাপাশি ইসলামবিদ্বেষী বিভিন্ন স্লোগানও দেওয়া হয়।