একসময় পারিবারিক সচ্ছলতা নিশ্চিত করতে পড়াশোনা বাদ দেন শামীম মৃধা। চলে জীবনযুদ্ধে এগিয়ে যাওয়ার সংগ্রাম। পরিবারে ছোট ছোট ভাইবোনদের পড়াশোনা করাতে গিয়ে নিজের পড়াশোনা আড়ালে পড়ে যায়। পরে ব্যবসা, পরিবার আর জনসেবা নিয়ে বাড়ে ব্যস্ততা। একসময় মানুষের ভালোবাসার প্রতি সম্মান জানাতে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন। প্রায় দেড় দশক পর গাজীপুরের শ্রীপুরে নানা ব্যস্ততা জল্পনা-কল্পনাকে হার মানিয়ে এবার এসএসসি পরীক্ষা পাস করেন সেই ইউপি সদস্য।
তার নাম শামীম মৃধা (৩৫)। তিনি মাওনা ইউনিয়ন পরিষদের ১ নাম্বার ওয়ার্ডের সদস্য। এ গ্রামেই তার বাড়ি। তিনি এ বছর মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় অংশ নিয়ে কারিগরি শিক্ষা বোর্ডে (ভোকেশনাল) অধীনে পরীক্ষা দিয়ে জিপিএ ৪.৪৩ পয়েন্ট পেয়েছেন। তার এমন সাফল্যে এলাকায় আনন্দ বিরাজ করছে। গতকাল শুক্রবার প্রকাশিত ফলাফলে তিনি এ ফল করেন।