আমরা প্রায় সবাই সুডোকুর সঙ্গে পরিচিত। পত্রপত্রিকায় প্রায়ই সুডোকু ধাঁধা দেখা যায়। জাপানি শব্দ সুডোকু মূলত নম্বর বসানোর ধাঁধা। এই ধাঁধায় ৯*৯টি ঘর থাকে এবং ৯টি ব্লক থাকে। যার প্রতি সারি, কলাম, ব্লকে ১ থেকে ৯ সংখ্যা বসিয়ে সমাধান করতে হয়। পাশাপাশি এবং আড়াআড়ি ৯টি ঘরে ১ থেকে ৯ অঙ্কগুলো একবার করে বসাতে হয়।
সুডোকু মূলত প্রথম প্রকাশিত হয় ১৯ শতকে। তখন সুডোকুর মতো বর্গাকার ধাঁধা পত্রিকায় প্রকাশিত হতো। কিন্তু সেগুলোর ক্ষেত্রে পাটিগণিত প্রয়োজন হতো। তা সরাসরি সুডোকু বলা যায় না। আধুনিক সুডোকু আবিষ্কার করেন একজন অবসরপ্রাপ্ত আর্কিটেক্ট হাওয়ার্ড গার্নস। ১৯৭৯ সালে ডেল ম্যাগাজিনস পত্রিকায় নম্বর প্লেস নামে এই ধাঁধা প্রকাশিত হয়। তারপর এটি ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করতে থাকে। মাকি কাজি নামের এক ব্যক্তি জাপানে এটি আমদানি করেন। জাপানে এই নম্বর প্লেস সুডোকু নামে প্রকাশিত হতো।
জাপানের পাশাপাশি সারা বিশ্বে এটি ছড়িয়ে পড়ে। তারই ধারাবাহিকতায় প্রতি বছর ৯ সেপ্টেম্বর সুডোকু দিবস পালিত হয়।
টি এইচ মাহির
প্রথম বর্ষ, সিএসই বিভাগ, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং