জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মো. নুরুল ইসলাম।
আজ শনিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করেন। পরে সেখানে সিএজি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।
এরপর তিনি পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করেন। এ সময় দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়। দোয়া মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
এ সময় মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে নুরুল ইসলাম টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।