ভিন্ন দুই মহাদেশ, দুটি ভিন্ন ফরম্যাট। ৩৬ ঘণ্টায় ১৪ হাজার কিলোমিটারের পথ দুই দেশের। মোহাম্মদ রিজওয়ান সেই কঠিন পথ পাড়ি দিয়েছেন। একটি ফিফটি করে অন্য দেশে এসে সেখানেও খেললেন হাফ সেঞ্চুরির ইনিংস।
পাকিস্তানের এই উইকেটকিপার ব্যাটসম্যান শ্রীলঙ্কার বিপক্ষে সরফরাজ আহমেদের কানকাশন হয়ে মাঠে নামেন। দীর্ঘদিন পর জাতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেটের জার্সি গায়ে জড়ান তিনি। আর সুযোগ পেয়েই তা কাজে লাগান ৩১ বছর বয়সী ক্রিকেটার। অপরাজিত ছিলেন ৫০ রানে।
তার ফিফটির পর ৫৭৬ রানে ইনিংস ঘোষণা করেছিলেন অধিনায়ক বাবর আজম। পরে দ্বিতীয় ইনিংসে লঙ্কানরা ব্যাট করতে নেমে গুটিয়ে যায় ১৮৮ রানে। ইনিংস ও ২২২ রানে জয় পায় পাকিস্তান।
শ্রীলঙ্কায় আসার আগের দিন রিজওয়ান কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ভ্যাঙ্কুভার নাইটসের হয়ে খেলেন। নিজের শেষ ম্যাচে তিনি ৪২ বলে ৫২ রান করেছিলেন।
ম্যাচ শেষে দলটির অধিনায়ক ভ্যান ডার ডুসেন বলেছিলেন, 'রিজওয়ানকে মনে হচ্ছে যেন এক অতিমানব। তার মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারকে দলে পাওয়াটা সৌভাগ্যের।'