চট্টগ্রাম-১০ আসনে উপ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ রবিবার সকাল ৮টা থেকে ১৫৬টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। তবে ভোট শুরুর প্রথম ৩০ মিনিটে কয়েকটি কেন্দ্র ঘুরে ভোটারদের একেবারে নগন্য উপস্থিতি দেখা গেছে
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চট্টগ্রাম-১০ আসনের উপ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান দেশ রূপান্তরকে জানান, নির্বাচনী এলাকার ১৫৬টি কেন্দ্রের ১ হাজার ২৬১টি ভোটকক্ষে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। এজন্যে ৪ হাজার ১০৬জন ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। ইভিএম মেশিনে ভোট গ্রহণ করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রের পরিস্থিতি ক্লোজ সার্কিট ক্যামেরায় মনিটরিং করা হচ্ছে। নির্বাচনী এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে। ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করছেন।
এ উপ-নির্বাচনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, আওয়ামী লীগের মো. মহিউদ্দিন বাচ্চু (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম (লাঙল), তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত (সোনালী আঁশ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী (বেলুন) ও মনজুরুল ইসলাম ভূঁইয়া (রকেট)।
চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-১০ আসন গঠিত। এ আসনে নারী পুরুষ মিলে মোট ভোটার সংখ্যা ৪লাখ ৮৮ হাজার ৬৩৩ জন। গত ২ জুন সাংসদ ডা. আফছারুল আমীনের মৃত্যুতে আসনটি শূণ্য হয়। গত ৮ জুন এ আসনের উপ নির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন।