এল ক্লাসিকো যুক্তরাষ্ট্রে মানে, সেখানে বার্সার নিশ্চিত জয়। আগে দুইবার খেলে সেখানে জয় পেয়েছে তারা। আর শেষটি শনিবার রাতে। ৩-০ গোলে কাতালান ক্লাবটি হারিয়েছে রিয়াল মাদ্রিদকে। কিন্তু বড় জয় পাওয়ার পরও সন্তুষ্ট নন দলটির কোচ জাভি হার্নান্দেজ।
ম্যাচে বার্সা রিয়ালের জালে বল জড়িয়েছে তিনবার, কিন্তু বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল রিয়ালই। তাই ম্যাচ শেষে জাভি বলেছেন, তারা জিতলেও ম্যাচটা সমান সমানই ছিল। বরং কোনো কোনো ক্ষেত্রে রিয়ালই আধিপত্য বিস্তার করেছে বেশি। তাই নিজেদের খেলায় পুরোপুরি মন ভরেনি জাভির।
বার্সা কোচ বলেছেন, ‘প্রথমত ম্যাচটা সমান সমান ছিল। এই ম্যাচে সব ধরনের মুহূর্ত এসেছে। আমরা এই ম্যাচে খুব খারাপ খেলিনি আবার খুব ভালোও খেলিনি। যেভাবে আমরা লড়াই করেছি, তাতে আমি খুশি। এটা এল ক্লাসিকো। ক্লাসিকো সাধারণত প্রীতিময় হয় না।’
গত মৌসুমে লা লিগা জিতলেও বার্সার অনেকগুলো জায়গায় দুর্বলতা ছিল স্পষ্ট। রিয়ালের বিপক্ষে জিতেও সেই জায়গাগুলো নিয়ে পুরোপুরি স্বস্তিতে থাকতে পারছেন না বার্সা কোচ।
এমনকি ম্যাচে নিজেদের খেলা নিয়েও পুরোপুরি সন্তুষ্ট নন তিনি, ‘ফল আমাদের পক্ষে এসেছে, কিন্তু আমরা অনেক ভালো ম্যাচ খেলেছি, তা নয়। মাদ্রিদের স্কোয়াড দারুণ। তবে নিজেদের খেলা নিয়ে আমি তৃপ্ত। অবশ্য অনেকগুলো জায়গা আছে, যেখানে আমাদের উন্নতি করতে হবে।’