চট্টগ্রাম-১০ উপনির্বাচন

৫ মাসের এমপি মহিউদ্দিন বাচ্চু

আগামী পাঁচ মাসের জন্য চট্টগ্রাম-১০ ( ডবলমুরিং, হালিশহর, ষোলশহর) আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চু। রবিবার অনুষ্ঠিত উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ৫২ হাজার ৯২৩ ভোট পেয়ে জয় লাভ করেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির সামসুল আলম (লাঙ্গল) পেয়েছেন ১ হাজার ৫৭২ ভোট।

রবিবার (৩০ জুলাই) রাতে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসার মো. হাসানুজ্জামান বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

রিটার্নিং অফিসার জানান, চট্টগ্রাম-১০ আসনের ১৫৬টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে এ ভোট অনুষ্ঠিত হয়। এসব কেন্দ্রে মোট ৪ লাখ ৮৮ হাজার ৬৩৩ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ৫৭ হাজার ১৫৩টি। নির্বাচনে প্রদত্ত ভোটের হার ১১ দশমিক ৭০ শতাংশ বলে জানান তিনি।

অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত (সোনালী আঁশ) ১ হাজার ২৩০ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া (ছড়ি) ৫৭৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী (বেলুন) ৪৮০ ভোট ও মনজুরুল ইসলাম ভূঁইয়া (রকেট) ৩৬৯ ভোট পেয়েছেন।

স্বতন্ত্র প্রার্থীর বর্জন : এদিকে স্বতন্ত্র প্রার্থী আরমান আলী আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। বেলা একটার দিকে তিনি এ ঘোষণা দেন। আরমান আলী অভিযোগ করে বলেছেন, প্রাণহরি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ফজলুল হাজেরা ডিগ্রী কলেজ কেন্দ্রে তার ওপর দুই দফা হামলা করা হয়েছে।

শান্তিপূর্ণ ভোট, উপস্থিতি কম : রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে চট্টগ্রাম-১০ আসনের ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোট চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল একেবারে কম। যে কারণে দিনভর বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের অলস সময় কাটাতে দেখা গেছে। তবে, মহিউদ্দিন বাচ্চুর কর্মী সমর্থকদের দিনভর ভোটকেন্দ্রে ভোটারদের নিয়ে যেতে তৎপর থাকতে দেখা গেছে।

ভোট চলাকালে বেশ কিছু কেন্দ্র ঘুরে দেখা যায়, সকালের দিকে অধিকাংশ কেন্দ্রই ছিল পুরোপুরি ফাঁকা। সকাল ১০টার দিকে লালখান বাজার শহীদ নগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের নারী কেন্দ্রে ২ হাজার ২৪৫ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে মাত্র ৩০টি। ওই কেন্দ্রে নৌকা ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্ট দেখা যায়নি।

ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আরিফ মাঈন উদ্দিন খান জানান, যারা ভোট দিতে আসছেন তারা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন। কোনো সমস্যা হচ্ছেনা। বেলা ১২টায় রেলওয়ে এমপ্লয়ীজ গার্লস হাইস্কুল কেন্দ্রে পরিদর্শনকালে দেখা যায়, কেন্দ্রের বাইরে নৌকা প্রতীকের কিছু কর্মী সমর্থক থাকলেও ভেতরে মাত্র দুই জন ভোটারের দেখা মেলে। বেলা ১২টা পর্যন্ত ওই কেন্দ্রে ১২০ জন ভোট দিয়েছেন বলে জানান প্রিসাইডিং কর্মকর্তা অনিক বড়ুয়া।

বিকেল আড়াইটার দিকে দামপাড়া পুলিশ লাইন হাইস্কুল কেন্দ্রে দেখা হয় নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর। তিনি জানান, সব জায়গায় শান্তিপূর্ণভাবে ভোট চলছে। ভোটার উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আমরা চেষ্টা করেছি ভোটারদের ভোটকেন্দ্রমুখী করার। বিভিন্ন ভোট কেন্দ্রে মোটামুটি ভোটাররা আসছে। তবে আরও বেশি ভোটার উপস্থিতি আশা করেছিলেন বলে জানান তিনি। জয়ের বিষয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নযজ্ঞ অব্যাহত রাখতে নৌকায় ভোট দেবে-এটাই আমার বিশ্বাস।

মসজিদের মাইকে ভোট দিতে যাবার আহ্বান : এ নির্বাচনে দিনভর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল একেবারে নগন্য। নির্বাচনের প্রতিদ্বন্দ্বি অন্য প্রার্থীদের তৎপরতা না থাকলেও ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতির জন্য তৎপর ছিলেন নৌকার প্রার্থীর কর্মী সমর্থকরা। তারপরও খুব কম সংখ্যক ভোটার ভোটকেন্দ্রে গিয়েছেন। ভোটকেন্দ্রগুলোর ভোটের খরা মেটাতে মসজিদের মাইকে ভোটার ডাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নগরীর পাঁচলাইশ থানাধীন বাদুরতলা জঙ্গী শাহ মাজার মসজিদের মাইক থেকে সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ ভোটারদের ভোট দিতে যাবার এ আহ্বান শোনা যায়। এসময় মাইকে বলা হয়, 'সম্মানিত এলাকাবাসী, আপনাদের মূল্যবান ভোটটি কেন্দ্রে গিয়ে দিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি।' এ ভিডিও নিয়ে ফেসবুকে নানা আলোচনা সমালোচনা চলছে।

গত ২ জুন এই আসনের সাবেক এমপি ডা. আফছারুল আমীনের মৃত্যুর কারণে চট্টগ্রাম-১০ আসনটি শূণ্য হলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

মহানগর আ. লীগের অভিনন্দন : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী ও সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু নির্বাচিত হওয়ায় সম্মানিত ভোটারদের অভিনন্দন জানিয়েছেন।