পুত্রা মসজিদ

ছবির মতো ছিমছাম ও সাজানো-গোছানো শহর মালয়েশিয়ার পুত্রজায়া। কুয়ালালামপুর বিমানবন্দর থেকে নেমে মাত্র ২০ কিলোমিটার দূরেই এর অবস্থান। মালয়েশিয়ার পুত্রজায়া উইলিয়ার প্রধান মসজিদ এটি। ১১৬ মিটার উচ্চতার এই মসজিদের নির্মাণকাজ শুরু হয় ১৯৯৭ সালে। নির্মাণকাজ শেষ হতে সময় লেগেছিল মাত্র দুই বছর।  নজরকাড়া এই মসজিদ নির্মাণে খরচ হয়েছে ২৫০ মিলিয়ন মালয়েশিয়ান রিংগিত, যা বাংলাদেশি টাকায় প্রায় ৫২০ কোটি টাকা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি কার্যালয়ের পাশে লেকবেষ্টিত পুত্রা মসজিদটি দৃষ্টি কাড়ে পর্যটকদের। রাতের বেলায় মসজিদের রংবেরঙের বাতিগুলোর ছায়া এই লেককে আরও আকর্ষণীয় করে তোলে। এই এলাকা হয়ে ওঠে স্বপ্নপুরীর মতো সুন্দর। মসজিদের সামনের দিকে একটি বৃহৎ বর্গক্ষেত্র রয়েছে, যেখানে মালয়েশিয়ার রাজ্যগুলোর পতাকা উড়ানো হয়। মসজিদটি সাজানো হয়েছে দৃষ্টিনন্দন ৯টি গোলাপি গম্বুজে; যার মধ্যে সর্ববৃহৎ গম্বুজটির উচ্চতা ১৬০ ফুট। মসজিদের পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ মিনার; যার উচ্চতা ৩৮১ ফুট।