ফারদিনের ১৮ বছরের সংসারে ভাঙন

বলিউড অভিনেতা ফারদিন খান ও নাতাশা মাদভানির বিচ্ছেদ হয়ে গেছে। গতকাল সংসার ভাঙার খবর প্রকাশ্যে এলেও ফারদিন ও নাতাশার মধ্যে অনেক দিন ধরেই বনিবনা হচ্ছিল না। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়েছে, এক বছর ধরেই ফারদিন ও নাতাশা আলাদা থাকছিলেন। বিচ্ছেদ নিয়ে ফারদিন বা নাতাশার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে টাইমস অব ইন্ডিয়াকে একটি সূত্র জানিয়েছে, কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে মতবিরোধ ছিল। সমঝোতায় আসতে না পেরে এক বছর ধরে আলাদা থাকছিলেন দুজন। শেষ পর্যন্ত নিজেদের ভালোর জন্যই সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন। বিচ্ছেদ নিয়ে জানতে টাইমস অব ইন্ডিয়ার পক্ষ থেকে ফারদিন ও নাতাশার মতামত জানতে চাওয়া হয়েছিল। তবে কেউই মন্তব্য করতে রাজি হননি। নাতাশা প্রখ্যাত বলিউড অভিনেত্রী মুমতাজের মেয়ে। ২০০৫ সালের ডিসেম্বরে ফারদিনের সঙ্গে তার বিয়ে হয়। ফারদিন ও নাতাশার সংসারে এক ছেলে ও এক মেয়ে আছে। মেয়ে দিয়ানি ইসাবেলা খানের জন্ম হয় ২০১৩ সালে, ছেলে আজারিউস ফারদিন খানের জন্ম ২০১৭ সালে। দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকার পর সম্প্রতি আবার অভিনয়ে নিয়মিত হয়েছেন ফারদিন। সিরিজের পর এবার তাকে দেখা যাবে সিনেমায়। হরর ছবি ‘বিসফোট’ দিয়ে হিন্দি সিনেমায় প্রত্যাবর্তন হবে তার। হরর ছবিটিতে আরও আছেন রিতেশ দেশমুখ। সর্বশেষ ২০১০ সালে ‘দুলহা মিল গ্যায়া’ ছবিতে অভিনয় করেন ফারদিন।