ঢাকা কারাগারে কয়েদির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি মো. মিজানুর রহমান (৫২) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৩১ জুলাই) সকাল ৭টার দিকে অচেতন অবস্থায় কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসক ও কারারক্ষীদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কারাগারে ওই আসামি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তখন কারা চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা হাসপাতালে নিয়ে আসে কারারক্ষীরা। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

তিনি জানান, মিজানুরের বাবার নাম মোজাফফর হোসেন। তার কয়েদি নম্বর ২০৩৯/এ। তবে তাৎক্ষণিকভাবে তার মামলার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।