তিন দিন আগেই মুক্তি পেয়েছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমা। যদিও তার দুই দিন আগে ছিল ছবির প্রিমিয়ার। সেদিন মুম্বাইয়ের জুহুর কাছের ওই প্রেক্ষাগৃহে বসেছিল চাঁদের হাট। সেখানে অবশ্য দেখা মেলেনি দীপিকা পাড়ুকোনের।
রণবীরের ছবি আর দীপিকার দেখা নেই, একটু ফিসফাস শুরু হতেই হাত ধরাধরি করে দেখা গেল দম্পতিকে। শনিবার রাতে স্ত্রীকে নিয়ে সিনেমা দেখতে গেলেন রণবীর সিং। দীপিকার ঠোঁটে হাসি, পরনে রণবীরের ছবি দেওয়া জ্যাকেট। যদিও ছবি দেখতে আসার আগে স্ত্রীকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন রণবীর।
এমনিতেই নিত্য নতুন উদ্ভট কাণ্ডকারখানা করেই থাকেন অভিনেতা। কখনো তিনি শিরোনামে তার পোশাকের জন্য, কখনো আবার স্ত্রীর অতি প্রশংসার জন্য কটাক্ষের শিকার হয়েছেন রণবীর। তবে এবার দীপিকার ভয়ে নাকি কাঁটা হয়ে আছেন রণবীর।
স্ত্রীকে নিয়ে সিনেমা দেখতে যাওয়ার আগে গাড়িতে বসেই ইনস্টাগ্রামে ছবি দিয়ে ভক্তদের কাছে প্রশ্ন রেখেছেন, ‘আন্দাজ করুন, দীপিকার প্রতিক্রিয়া কী হবে সিনেমাটা দেখার পর?’ অনুরাগীরা একের পর এক মন্তব্য করতে শুরু করলে ভয় ভয়ে বলেন, ‘চুপ করুন, জুতো খাব!’ তবে রণবীর তার স্ত্রীকে যতটা ভয় পান বলে দেখান, ততটা ভয় পাওয়ার কারণ নেই হয়তো।
ছবি শেষে স্বামীর হাত ধরে বের হতেই ঘিরে ধরেন আলোকচিত্রীরা। অভিনেত্রীকে জিজ্ঞেস করেন, কেমন লাগল তার রণবীরকে? একেবারে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় স্মিত হেসে দীপিকা জবাব দেন, ‘পর্দায় আগুন জ্বালিয়ে দিয়েছে।’ অবশেষে রণবীরের স্বস্তি স্ত্রীর কাছ থেকে এমন কথা শুনে।