প্রায় এক দশক আগে ‘অলটাইম দৌড়ের উপর’ নাটক দিয়ে অভিনয়ে নাম লেখান সাফা কবির। আদনান আল রাজীব পরিচালিত এই নাটক দিয়েই পরিচিতি পান। এরপর এই জুটির কাজ খুব বেশি একটা দেখা যায়নি। সর্বশেষ তাদেরকে দেখা গিয়েছিল ২০১৬ সালে।
প্রায় ৭ বছর পর আবারো আদনানের পরিচালনার কাজ করলেন সাফা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে মুঠোফোন কোম্পানি রবির একটি বিজ্ঞাপন। ‘পারবে তুমিও’ ট্যাগলাইনের এই বিজ্ঞাপনে সাফাকে দেখা গেছে শিক্ষিকা রূপে। অন্তর্জালে উন্মুক্ত হওয়ার পর বেশ প্রশংসা কুড়াচ্ছে সামাজিক বার্তা নির্ভর এই বিজ্ঞাপনটি।
সাফা কবির দেশ রূপান্তরকে বলেন, ‘খুবই চমৎকার কনসেপ্টের একটা কাজ ছিল এটা। রিলিজ হওয়ার পর বেশ ভালো সাড়াও পাচ্ছি। আর এই কাজটির মধ্য দিয়ে অনেক বছর পর আদনান আল রাজীবের সঙ্গে কাজ হল। উনার নাটক দিয়েই অভিনয় শুরু আমার। এরপর কিছু কাজ হলেও বেশ লম্বা সময় ধরে আমাদের কাজ হচ্ছিল না।’
সামনে ওটিটিতে ব্যস্ত হবেন সাফা। বেশ কয়েকটি কাজ নিয়ে কথাবার্তা হচ্ছে তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।