হাসপাতালের ৬৬ লাখ টাকার চোরাই মালসহ গ্রেপ্তার ৩

কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালের ৬৬ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কিশোরগঞ্জ জেলা ইউনিট।

গ্রেপ্তারকৃতরা হলেন, মূল হোতা আরিফুল ইসলাম রাব্বী (৩৫), তার সহযোগী রবিউল ইসলাম ওরফে নবী (৩১) ও এফ এম রেজাউল করিম (৬০)।

শনিবার-রবিবার (২৯-৩০ জুলাই) টানা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চুরি যাওয়া ১ টি লেজার মেশিন, ১ টি. ভি স্ক্যান মেশিন, ১টি ওসিটি মেশিন এবং ১ টি স্লিপ ল্যাম্প উদ্ধার করা হয়।

আজ সোমবার সিআইডির মিডিয়া শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়ার দিক নির্দেশনায় এবং বিশেষ পুলিশ সুপার কিশোরগঞ্জ এর তত্ত্বাবধানে একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় প্রথমে রবিউল ইসলাম ওরফে নবীকে গ্রেপ্তার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে চুরির হোতা আরিফুল ইসলাম রাব্বী ও তার সহযোগী এফ এম রেজাউল করিমকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, গত ১৩ মে রাতে কিশোরগঞ্জ মডেল থানা এলাকায় অবস্থিত কিশোরগঞ্জ চক্ষু হাসপাতালে চুরির ঘটনা ঘটে। চক্ষু পরীক্ষা ও অপারেশনের যন্ত্রপাতি চুরি করে অজ্ঞাত ব্যক্তিরা যার মূল্য প্রায় ৬৬ লাখ টাকা। এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় মামলা হয়। মামলাটির তদন্ত ভার পায় সিআইডি।