খুলনায় কিল-ঘুসিতে মারা গেলেন শ্রমিক সরদার

খুলনায় মোটরসাইকেলের হর্ন দেওয়াকে কেন্দ্র করে হামলায় বাবুল মুন্সী (৫৪) নামে এক শ্রমিক সরদার নিহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারী সাইফুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩১ জুলাই) বিকেলে খেলনা মহানগরীর কাষ্টমস ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন।

নিহত বাবুল সরদার মাদারিপুর জেলার শিবগঞ্জের ছেলে। বর্তমানে নগরীর মুন্সীপাড়া ৩নং গলিতে বাস করতেন।

এদিকে আসামি সাইফুল ইসলাম জেলার দিঘলিয়া উপজেলার ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল চারটায় নগরীর কাস্টম ঘাট এলাকায় মোটরসাইকেলের হর্ন দেওয়াকে কেন্দ্র করে শ্রমিক সদরদার বাবুলের সঙ্গে সাইফুলের তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে বাবুল মুন্সীর ওপর চড়াও হয় সাইফুল। সাইফুলের কিল ও ঘুসিতে বাবুল মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি । এ ঘটনায় হামলাকারী সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন বলেন, এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে।