স্টোকস আবার টেক্সট করলে তা ডিলিট করবেন মঈন

অ্যাশেজের আগে টেস্টের অবসর ভেঙে ফিরেছিলেন মঈন আলি। তবে অ্যাশেজ শেষ হতেই ফের সাদা পোশাকের ক্রিকেটকে বিদায়ের সিদ্ধান্ত জানালেন তিনি।

এরপর আর টেস্টে ফেরার কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়ে দিয়েছেন মঈন।

সোমবার ওভাল টেস্টের মধ্য দিয়ে শেষ হয় অ্যাশেজ। ম্যাচটা জিতে নিয়ে সিরিজ ২-২ ড্র করে ইংল্যান্ড। এরপরই মঈন তার সিদ্ধান্ত জানিয়েছেন।

৩৬ বছর বয়সী এই ক্রিকেটার সিরিজের পাঁচ ম্যাচের চারটিতেই খেলেছেন।

দুই বছর আগে টেস্টকে বিদায় জানিয়েছিলে মঈন। তবে এবারের অ্যাশেজের আগে জ্যাক লিচের ইনজুরির কারণে বিপাকে ছিল ইংলিশরা। এসময় অধিনায়ক বেন স্টোকসের কাছ থেকে টেস্টে ফেরার টেক্সট পান মঈন। সাদা পোশাকে ফিরেও আসেন।

ওলি পোপের ইনজুরির কারণে তিন নম্বরে ব্যাটিংয়ের সুযোগও পান মঈন। চোট থাকার পরও শেষ টেস্টে তিন উইকেট শিকার করেন।

টেস্টে থেকে ফের অবসরের সিদ্ধান্ত জানিয়ে স্টাই স্পোর্টসকে মঈন বলেছেন, ‘যদি বেন স্টোকস আমাকে টেক্সট পাঠায়, আমি তা মুছে দেব’।

৬৮ টেস্টে ৩ হাজার ৯৪ রান ও ২০৪ উইকেট নিয়েছেন মঈন। এখন পর্যন্ত ওয়ানডে খেলেছেন ১২৯টি, টি-টোয়েন্টি ৭৪টি।