আপিল বিভাগ

২৯০ এমপির শপথ বৈধ

দশম জাতীয় সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন ও শপথ নেওয়ার অভিযোগে একাদশ জাতীয় সংসদে নির্বাচিত ২৯০ জন এমপির শপথের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজের বিরুদ্ধে করা লিভ-টু আপিলও খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। মঙ্গলবার (১ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দিয়েছেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার এ এম মাহাবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর ২৯০ সংসদ সদস্যদের শপথকে অবৈধ দাবি ও তাদের পদে থাকার বৈধতা নিয়ে করা রিট ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে খারিজ করেছিলেন হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে একই বছরের সেপ্টেম্বরে আবেদন করা হয়েছিল।

২০১৯ সালের ৩ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের ২৯০ সংসদ সদস্য শপথ নেন। এর আগে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিরা সে বছর ৯ জানুয়ারি শপথ নেন। সংবিধানের ৭২ (৩) অনুচ্ছেদ অনুসারে, সংসদের মেয়াদ গণনা হবে সংসদের প্রথম বৈঠক থেকে পাঁচ বছর। দশম সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে শপথ নেওয়া হয়েছে- এমন যুক্তিতে একাদশ সংসদের ২৯০ সদস্যের নেওয়া শপথের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেন বিএনপিপন্থি আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ।

রিটে এমপিদের শপথ বাতিল করে গেজেট প্রকাশ করতে হাইকোর্টের নির্দেশনা চাওয়া হয়। সেই সঙ্গে ওই রিট আবেদনে বলা হয়, দশম জাতীয় সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই একাদশ সংসদের নবনির্বাচিত সদস্যরা শপথ নিয়ে সংবিধান লঙ্ঘন করেছেন।

ওই রিটের শুনানি নিয়ে ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যদের নেওয়া শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করেছিলেন হাইকোর্ট।

এরপর আবেদনকারী ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন। রিট খারিজের আদেশের বিরুদ্ধে করা লিভ-টু আপিল শুনানিও এখন শেষ হলো।