পঞ্চগড়ে হাঁস ধরা প্রতিযোগিতা

গ্রামবাংলার ঐতিহ্যবাহী অনেক খেলা এখন বিলুপ্ত হওয়ার পথে। নতুন প্রজন্মের কাছে দিনদিন অপরিচিত হচ্ছে খেলাগুলো। ঐতিহ্যকে ধরে রাখতে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসায় মঙ্গলবার আয়োজন করা হয়েছিল পুকুরে হাঁস ধরা প্রতিযোগিতা। জনপ্রিয় এই খেলা দেখতে বিভিন্ন বয়সী মানুষের উপচেপড়া ভিড় জমেছিল।

সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের পাহাড়তলি উচ্চ বিদ্যালয়ের পুকুরে এই হাঁস ধরা প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্থানীয় যুবক সারোয়ার নয়ন এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা যৌথভাবে এই আয়োজন করে।

খেলার শুরুতে পুকুরে একটি হাঁস ছেড়ে দেয় আয়োজকরা। হাঁসটি ধরতে ঝাঁপিয়ে পড়ে ১৫ জনের একটি দল। পুকুরের চারপাশে জড়ো হয়ে থাকা অসংখ্য মানুষ করতালি দিতে থাকনে। হাঁস ধরতে শুরু হয় হইচই। প্রতিযোগিরা কখনও সাঁতার আবার কখনও ডুব দিয়ে একটি হাঁসের পেছনে ছুটছে। ধারাবাহিকভাবে ৬টি দলের ৯০ জন মানুষ এ হাঁস ধরার খেলায় অংশ নেন। খেলা শেষে ৬টি দলের ৬ জন বিজয়ীকে পুরস্কার হিসেবে একটি করে মোবাইল ফোন তুলে দেওয়া হয়।

আয়োজক সারোয়ার হোসেন নয়ন বলেন, ব্যস্ততার মাঝে আনন্দ-বিনোদনের জন্য আমাদের এই আয়োজন। ঐতিহ্যবাহী খেলাটি দর্শকরা দারুনভাবে উপভোগ করেছে। এমন মাঝে-মধ্যে করবো। আয়োজনে যোগ হবে অন্যান্য ঐতিহ্যবাহী খেলাগুলোও।

পাহাড়তলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী বলেন, ঐতিহ্যবাহী সব খেলা হারিয়ে যেতে বসেছে। হারিয়ে যাওয়া এমন সব খেলা নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে পুকুরে হাঁস ধরা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামীতেও এ ধরনের খেলা আয়োজন করার পরিকল্পনা রয়েছে।