রাজধানীতে রাস্তায় গাছ পড়ে রিকশাচালকসহ ছয়জন আহত

রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় একটি গাছ ভেঙে পড়ে রিকশাচালকসহ ৬ জন আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

মঙ্গলবার (১ আগস্ট) বৃষ্টির পর বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- পিডব্লিউডি-র গাড়ি চালক উত্তম কুমার বর্মন (৩০), সোহেল রহমান (৪০), রিকশা চালক বাদশা মিয়া (৪৫), যাত্রী মনির হোসেন (৩০), জিএম তাবির সিদ্দিকী (৩০) ও খন্দকার আশিফ মোস্তফা (৩০)।

আহতরা জানান, কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ বড় একটি গাছ ভেঙে সড়কের উপর পড়ে। সেই গাছের ডালপালার নিচে পড়ে আহত হন তারা।

রিকশাটির আরেক যাত্রী ইয়াসিন জানান, তিনি ও মনির রিকশায় করে গুলিস্তান থেকে নিউমার্কেট যাচ্ছিলেন। পথে কেন্দ্রীয় শহীদ মিনার পার হওয়ার সময় হঠাৎ একটি গাছ উপড়ে সড়কে পড়ে।

গাছটির নিচে আটকে পড়ে একটি জিপগাড়ি। এছাড়া রিকশাযাত্রী ও পথচারীরাও গাছের ডালপালার আঘাত পায়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, শহীদ মিনারের গাছ পড়ার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে আহতরা আশঙ্কামুক্ত।