লঘুচাপ, নিম্নচাপ, বজ্রঝড়, তাপপ্রবাহ, বন্যা— সবই হতে পারে আগস্টে

চলতি আগস্ট মাসে লঘুচাপ, নিম্নচাপ, বজ্রঝড়, তাপপ্রবাহ, বন্যা— সবই হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (১ আগস্ট) ‘আগস্ট মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে’ এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে এক থেকে দুটি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই থেকে তিন দিন বিজলী চমকানোসহ মাঝারি ধরনের বজ্রঝড় এবং সারা দেশে তিন থেকে চার দিন বিজলী চমকানোসহ হালকা বজ্রঝড় হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশে বিচ্ছিন্নভাবে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে।

এতে আরও বলা হয়েছে, আগস্ট মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে এ মাসেই মৌসুমী ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার কতিপয় স্থানে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

এ ছাড়া আবহাওয়া অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, শুধু সিলেট বাদ দিয়ে দেশের বাকি সাত বিভাগে জুলাই মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়েছে। এর মধ্যে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে প্রায় ৬৬ শতাংশ কম বৃষ্টি হয়েছে।

এতে আরও বলা হয়েছে, জুলাইয়ে দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা যথাক্রমে ২ দশমিক ৪ এবং ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। আর দেশের গড় তাপমাত্রা বেশি ছিল ১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ মাসে ১০, ১৮ থেকে ১৯, ২২ থেকে ২৫ এবং ৩০ থেকে ৩১ জুলাই বিচ্ছিন্নভাবে মৃদু থেকে মাঝারি আকারের তাপপ্রবাহ বয়ে গেছে।