রাশিয়ার তিন মন্ত্রণালয়ের কার্যালয় থাকা রাজধানী মস্কোর একটি আকাশচুম্বী ভবনে তিন দিনে দ্বিতীয়বারের মতো ড্রোন হামলা চলিয়েছে ইউক্রেন। এ হামলার পর রাশিয়াকে সম্ভাব্য আরও হামলার বিষয়ে হুঁশিয়ারি জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্টের এক উপদেষ্টা।
মঙ্গলবার (১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১ আগস্ট ) ইউক্রেনের ড্রোন হামলা চালানো ওই আকাশচুম্বী ভবনটিতে রাশিয়ার তিন মন্ত্রণালয়ের কার্যালয় রয়েছে। মস্কোর বাণিজ্য জেলা হিসেবে খ্যাত এক জেলার ‘আইকিউ কোয়ার্টার’ নামে পরিচিত ভবনটিতে রুশ অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয়, ডিজিটাল মন্ত্রণালয় এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় রয়েছে। মন্ত্রণালয়গুলোর কর্মীদেরকে বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে।
এ ড্রোন হামলার জন্য ইউক্রেনকে দোষারোপ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। কিন্তু এর আনুষ্ঠানিক কোনো জবাব দেয় নি কিয়েভ।
তবে এ হামলার পর প্রেসিডেন্ট জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোদোলিয়াক রাশিয়াকে সতর্ক করে বলেছে যে, ‘আরও অজ্ঞাত ড্রোন, আরও পতন এবং আরও গৃহযুদ্ধ হবে। মস্কো দ্রুত একটি পূর্ণাঙ্গ যুদ্ধে অভ্যস্ত হয়ে উঠছে। ’
তবে রাশিয়া কৃষ্ণ সাগরে তার দুটি জাহাজে হামলা চালানোর চেষ্টা করা ইউক্রেনের অজ্ঞাত তিনটি নৌকা ধ্বংস করার দাবি করেছে।