বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক নিয়ে নির্মিত সিনেমা ‘মুজিব : একটি জাতির রূপকার’ সেন্সর সনদ পেয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন চলচ্চিত্র সেন্সর বোর্ড সোমবার এ সনদ দেয়। ভারতেও সিনেমাটি সেন্সর প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়।
বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের শ্যাম বেনেগাল। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ।
বাংলাদেশের ৬০ ও ভারতের ৪০ শতাংশ ব্যয়ে নির্মিত এই বায়োপিকের শুটিং শুরু হয় ২০২১ সালের ২২ জানুয়ারি ভারতের মুম্বাইয়ে এবং শেষ হয় ১৮ ডিসেম্বর বাংলাদেশে। ২০২২ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে প্রথম পোস্টার এবং ১৯ মে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ট্রেলার উন্মুক্ত করা হয়।
আরিফিন শুভ ছাড়া এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, নুসরাত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।